গাইবান্ধায় নারী শ্রমিকদের মজুরি বৈষম্য কমানোর দাবি জানিয়েছে নারীমুক্তি কেন্দ্র। গতকাল নারী দিবস উপলক্ষে আয়োজিত এ দাবি জানান সংগঠনটির জেলা শাখার নেতারা।

সংগঠনের সভাপতি সুভাসিনী দেবীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, সাংগঠনিক সম্পাদক রাহেলা সিদ্দিকা, শিক্ষক সুমনা আক্তার, কলি রানী বর্মণ প্রমুখ। এর আগে দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা সামাজিক অবক্ষয় রোধে অপসংস্কৃতি, অশ্লীলতা, মাদক, জুয়া, নারী ও শিশু নির্যাতন, পর্নোগ্রাফি বন্ধসহ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সে সঙ্গে খেত-খামার, হোটেলসহ বিভিন্ন জায়গায় কাজ করা নারী শ্রমিকদের মজুরি বৈষম্য কমানোর দাবি জানান।