পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৩৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৮৮৩ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪৭৬ জন রয়েছে।
সোমবার (৬ অক্টোবর) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।
তিনি জানান, সারাদেশে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৩৫৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চারটি ওয়ান শুটারগান, একটি এলজি, একটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন, তিনটি রাবার বুলেট, ৩৭ রাউন্ড গুলি, ৮ রাউন্ড কার্তুজ, একটি চাপাতি, একটি হাতুড়ি, একটি ছোট রামদা ও একটি বড় রামদা জব্দ করা হয়েছে।










