ঘূর্ণিঝড়
সিত্রাংয়ের প্রভাবে রাঙ্গামাটির
কাপ্তাই হ্রদে সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। আজ সোমবার
বিকেলে দুর্যোগ মোকাবেলার জন্য জেলা প্রশাসনের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক
থেকে জানানো হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাপ্তাই
হ্রদে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। এছাড়া শহরের ৯ ওয়ার্ডে ৩০টি ভূমিধসের
স্থান চিহ্নিত করার পাশাপাশি ২২টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। জরুরি অবস্থার জন্য প্রস্তুত
রাখা হয়েছে তিনটি মেডিকেল টিম। এছাড়া উপজেলাগুলোর আশ্রয়কেন্দ্রের জন্যও মেডিকেল
টিম প্রস্তুত রাখার কথা জানানো হয়েছে।
বৈঠকে
অতিরিক্ত জেলা প্রশাসক মো. আল মামুন মিয়ার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক
(সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ
সুপার মো. জাহেদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা
উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটির
কাপ্তাই হ্রদ বদ্ধ জলাধার হওয়ায় সাগরের সঙ্গে হ্রদের কোনো সংযোগ নেই। যে কারণে
জোয়ার-ভাটাও নেই। তবে বর্ষায় পানি বেড়ে যাওয়ায় হ্রদে স্রোত থাকে। এর আগেও
বিভিন্ন সময়ে দেশে ঘূর্ণিঝড় হলেও এবারই প্রথম কাপ্তাই হ্রদে নৌ চলাচল বন্ধ ঘোষণা
করা হয়েছে।










