দেশে গত ২৪ ঘণ্টায় - রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত - হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৯৩। এর মধ্যে নিশ্চিত হামে ৯৫ জন ও হামের উপসর্গ নিয়ে ৬৯৮ জন মারা গেছে।
আজ মারা যাওয়া ৫ জনের মধ্যে ঢাকা বিভাগে একজন, সিলেটে তিনজন ও চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের আক্রান্ত হয়েছে ১৪৭ জন। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত সংখ্যা ১৪ হাজার ৫৭৮ জন।
একই সময়ে ৯২২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৮ হাজার ৫৭০ জনে।










