বাগেরহাটের মোরেলগঞ্জে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে মোরেলগঞ্জ পৌরসভার রওশনআরা মহিলা কলেজ এলাকা থেকে ‘নাশকতার প্রস্তুতিকালে’ এদেরক গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে গ্রেফতারকৃতদের পরিবারের দাবি, বাড়ি থেকে ধরে এনে তাদের বিরুদ্ধে নাশকতার মামলা দেয়া হয়েছে।

আজ শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় মোরেলগঞ্জ থানা পুলিশের করা মামলায় এজাহারনামীয় আসামি ২৮ জন এবং অজ্ঞাতনামা রয়েছেন আরো ৩০ থেকে ৪০ জন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্বাস উদ্দিন, শ্রমিকদল সভাপতি মাসুদ খান চুন্নু, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মশিউর রহমান শফিক, খাউলিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, খাউলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, সদস্য মো. মোস্তাফিজুর রহমান, মো. সুমন খান, আব্দুর রব, মো. আবুল বাসার। অন্যান্য গ্রেফতার আরিফুল ইসলাম অনিক, মো. বাদল শরিফ, মো. ইমদাদুল ইসলাম, মো. মিন্টু হাওলাদার ও এস এম ফেরদৌসের দলীয় পদবি জানা যায়নি।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, আটক বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। ঘটনাস্থল থেকে ৩টি অবিস্ফোরিত ও একটি বিস্ফোরিত ককটেলসহ বেশকিছু আলামত জব্দ করা হয়েছে। মামলা দায়ের করে আসামিদের আদালতে সোপর্দ করার কথাও জানান তিনি।