সাতক্ষীরা শহরে পরপর সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা ও স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১ অক্টোবর) এসব ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার রাতে আরটিভির সাতক্ষীরা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল সংকল্প নিউজের সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তীর বাসায় বাসায় চুরি হয়। দুর্বৃত্তরা প্রথমে বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকে। পরে আলমারি ও লকার ভেঙে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী জানান, তিনি পরিবারের সদস্যদের নিয়ে রাতে পূজা দেখতে বের হন। রাত সাড়ে ৮টার দিকে বাসা ছেড়ে যাওয়ার পর রাত ১২টার দিকে ফিরে এসে দেখতে পান, সব তালা ভাঙা। নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট হয়ে গেছে। ঘরের অন্যান্য জিনিসপত্রও তছনছ করা হয়েছে।
একই সময়ে শহরের ঘোষপাড়া এলাকায় ব্যাংক কর্মকর্তা গোবিন্দ ঘোষের বাড়িতেও একইভাবে চুরি হয়েছে। দুর্বৃত্তরা তার বাসা থেকেও নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে।
এদিকে, মঙ্গলবার রাতে কাটিয়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী গৌতম চন্দ্রের বাড়িতেও একই উপায়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিনুল ইসলাম বলেন, এসব ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে। দ্রুত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।










