গ্রিড সংযোগের অবকাঠামো, দেশগুলোর মধ্যে সঞ্চালন লাইন তৈরি করা এবং নতুন পাইপলাইন নির্মাণ করার মত আঞ্চলিক জ্বালানি সরবরাহব্যবস্থা নিয়ে বাংলাদেশের সঙ্গে একসাথে কাজ করতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার পাওয়ানকুমার তুলশিদাস বাধে।
আজ বুধবার (২২ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের গ্র্যান্ড বলরুমে আয়োজিত পলিসি কনক্লেভে এসব কথা বলেন পাওয়ানকুমার তুলশিদাস বাধে। ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর’ শীর্ষক এ পলিসি কনক্লেভ আয়োজন করে বণিক বার্তা।
পাওয়ানকুমার তুলশিদাস বলেন, জ্বালানি সংকটের সময়ে আঞ্চলিক সহযোগিতা কীভাবে উপকৃত করে সেটি আমরা সম্প্রতিই দেখেছি। আমরা দেখেছি যে নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে একিটি পাইপলাইন বিদ্যমান থাকায় সংকটের সময় আমরা খুব অল্প সময়ের নোটিশে এবং দ্রুততম সময়ে হাই-স্পিড ডিজেল সরবরাহ ও বাণিজ্য করতে সক্ষম হয়েছিলাম। এটি কেবল একটি উদাহরণ। আমরা আমাদের জ্বালানি সরবরাহ চেইনগুলোকে একীভূত করার লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য অত্যন্ত আগ্রহী।
বাংলাদেশের ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটান থেকে বিদ্যৎ আমদানির সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গত বছর বাংলাদেশ সঞ্চালন লাইনের মাধ্যমে নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে পেরেছে। নেপাল এবং ভুটান উভয় দেশই প্রাকৃতিক পাহাড়ি ভূখণ্ডে অত্যন্ত সমৃদ্ধ এবং ফলস্বরূপ জলবিদ্যুতেও তারা এগিয়ে আছে এবং তাদের উদ্বৃত্ত জ্বালানি রয়েছে। তাই আমি মনে করি এটিও একটি গুরুত্বপূর্ণ খাত যেখানে আমরা আঞ্চলিক সহযোগিতার দিকে নজর দিতে পারি। এছাড়া, গ্রিড সংযোগের অবকাঠামো, দেশগুলোর মধ্যে সঞ্চালন লাইন তৈরি করা এবং নতুন পাইপলাইন নির্মাণ করা সেটি ডিজেল বা গ্যাস পাইপলাইন যা-ই হোক না কেন; আমার মনে হয় এগুলো এমন কিছু ক্ষেত্র যেখানে আমরা একসঙ্গে কাজ করতে পারি।










