দিনাজপুরের ঘোড়াঘাটে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। মামলায় রিপন হোসেন (২৫) ও শাকিল হাসান (২২) নামে দুজনকে অভিযুক্ত করা হয়।
গত ২২ নভেম্বর রাতে উপজেলার সাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন ২৩ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন কিশোরীর মা। অভিযুক্ত রিপন ও শাকিল দুজনই ঘটনাস্থল সাতপাড়া গ্রামের বাসিন্দা।
কিশোরীর পরিবার জানায়, ঘটনার দিন মঙ্গলবার রাতে ওই কিশোরী বাড়িতে একা ছিল। মাঝরাতে অভিযুক্ত দুজন তার দরজায় কড়া নাড়ে এবং পরিচয় দিয়ে জরুরি কথা আছে জানিয়ে দরজা খুলতে বলে। একপর্যায়ে কিশোরী দরজা খুললে অভিযুক্তরা তাকে ভয়ভীতি দেখিয়ে ঘরে ঢুকে পড়ে, এর মধ্যে এতজন তাকে ধর্ষণ করেন এবং কিছুক্ষণ পর দুজনই চলে যান। পরদিন কিশোরীর বাবা ও মা বাসায় ফিরলে সে রাতের ঘটনা খুলে বলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, ভুক্তভোগী কিশোরীর মা থানায় মামলা করেছেন। তবে অভিযুক্তদের এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের ধরতে প্রযুক্তির সহযোগিতা নেয়া হচ্ছে। দ্রতই তাদের গ্রেফতারের আশা পুলিশের।
এদিকে ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।










