রাজশাহীতে রেলওয়ের জায়গায় ধান চাষ নিয়ে বিরোধের জেরে খুন হয়েছেন শ্রমিক লীগ নেতা জহুরুল ইসলাম। গতকাল দুপুরে নগরীর ভদ্রা রেলওয়ে কলোনি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জহুরুল ইসলাম রেলওয়ের পোর্টার পদে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশনে কর্মরত ছিলেন। নগর ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম শ্রমিক লীগের রেলওয়ে ওপেন লাইন শাখার সহসভাপতির পদে দায়িত্ব পালন করছিলেন।
রাজশাহী সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন জানান, বাড়ির পেছনে রেলওয়ের জমিতে চাষাবাদ নিয়ে রেলওয়ের আরেক কর্মী মতিহারের ছেলে সজীবের সঙ্গে জহুরুলের বিরোধ চলছিল। ক্ষেতে ধানের চারা রোপণ নিয়ে গতকাল দুপুরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সজীব জহুরুলকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যান। দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসকরা জহুরুলকে মৃত ঘোষণা করেন।
নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেন জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে মতিহার নামের একজনকে হেফাজতে নেয়া হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।










