দিনাজপুরের ঘোড়াঘাটে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ ধান মজুদ করে রাখায় শাহজামাল নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার রানীগঞ্জ বাজার এলাকার ধানের আড়তে অভিযান চালিয়ে তাকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম। জরিমানার পাশাপাশি ওই ব্যবসায়ীকে মজুদকৃত ধান একদিনের মধ্যে বাজারজাত করার নির্দেশ দেয়া হয়েছে। 

ব্যবসায়ী শাহজামাল সিংড়া ইউনিয়নের হাটশ্যামগঞ্জ গ্রামের মৃত ময়েজ আলী মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে অধিক মুনাফা লাভের আশায় দীর্ঘদিন থেকে অবৈধভাবে ধান মজুদের অভিযোগ রয়েছে। 

রফিকুল ইসলাম জানান, বিপুল পরিমাণ ধান মজুদ করে রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রানীগঞ্জ বাজারে শাহজামালের ধানের গুদামে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, ৪০০টি বস্তায় প্রায় ২০ টন ধান অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে। এসবের অধিকাংশই গত ইরি মৌসুমের। তার ধান মজুদের কোনো লাইসেন্স ছিল না। তাই কৃষি বিপণন আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মজুদকৃত ধান বাজারজাত করার নির্দেশ দেয়া হয়েছে।