ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে তিনজনের মৃত্যু হয়েছে। মরদেহগুলো উদ্ধার করেছে ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ফায়ার সার্ভিস।

গতকাল রাত ৯টা ৫০ মিনিটের দিকে মরদেহগুলো সেপটিক ট্যাংক থেকে বের করা হয়। বেলা ৩টার দিকে আশুলিয়ার শিমুলতলার দরগারপাড় এলাকার আল রহমান নিটিং ফ্যাশন বিডি লিমিটেড নামের পোশাক কারখানার ভেতরে সেপটিক ট্যাংকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার খাগালিয়া গ্রামের সহিদ মিয়ার ছেলে মো. মিঠু (২২)। তিনি পরিছন্নতাকর্মী হিসেবে কাজ করেন। অন্য দুজনের মধ্যে মো. রাকিব (২২), তিনি খুলনা জেলার বটিয়াঘাটা থানার বুনারবাদ গ্রামের নুর ইসলাম শিকদারের ছেলে এবং মোহাম্মদ আলী (২৭) রংপুর জেলার গঙ্গাচড়া এলাকার ফেরদৌস রহমানের ছেলে। তারা দুজনেই আল রহমান নিটিং ফ্যাশন বিডি লিমিটেডের শ্রমিক।

ফায়ার সার্ভিস ঢাকা জোন-৪-এর উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন  বলেন, ‘তিনজন সেপটিক ট্যাংকে পড়ে নিখোঁজ হয়েছে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এরপর সন্ধ্যা ৭টার দিকে আমাদের দুটি ইউনিট উদ্ধারকাজ শুরু করে এবং তিনটি মরদেহ উদ্ধার করে। মূলত ট্যাংকের ভেতরে অক্সিজেনশূন্য থাকায় তারা মারা যান বলে আমরা মনে করছি।’