সাগরে গভীর নিম্নচাপ থাকায় আগামী তিন চার বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামীকাল সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার ও শনিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে এবং রোববার খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-একটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে আজ ও আগামীকাল সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অফিস বলছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে। যা আজ (শুক্রবার) সকাল ৬টায় একই এলাকায় (১০ দশমিক ৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮২ দশমিক ৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে যেতে পারে। তবে এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার প্রভাবে আগামী তিন দিন দেশের ৪টি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।