যেকোনো বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নিলে অংশীদারদের বিভিন্ন পক্ষ থেকে পদে পদে বাঁধা প্রদান করা হয়। এর ফলে সরকার চাইলেও অনেক কিছু করতে পারে না। এ প্রেক্ষিতে কাজ করা অনেক চ্যালেঞ্জিং বলে মনে করেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, আমরা দায়িত্ব নেয়ার পর নতুন লোক কিংবা প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি না। পুরনো লোক ও পুরনো প্রতিষ্ঠান নিয়ে কাজ করার সময় নতুন বাংলাদেশ উপহার দেয়ার অনেক চ্যালেঞ্জ আছে।

শনিবার (২৩ আগস্ট) রাজধানীর মতিঝিলে পরিবেশ সংক্রান্ত এক ফোকাস গ্রুপ আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 'রাজধানীর বিকেন্দ্রীকরণ ও পরিবেশকল্যাণ: টেকসই ঢাকার পথ' শিরোনামে এ আলোচনা সভার আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

অনুষ্ঠানে সরকারের কাজে বাঁধা সৃষ্টির উদাহরণ দিতে গিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, সড়ক বিভাগ থেকে বলা হয়েছে পুরনো বাস রাস্তা থেকে সরে যেতে। এখন আবদার হচ্ছে, ২৫ নয়, ৩০ করে দেন (বাসের মেয়াদোত্তীর্ণের বয়স)। যদি ৩০ না করা হয়, তাহলে পরিবহন ধর্মঘট হবে। ঠিক যেভাবে পাথর তোলা বন্ধ করতে বলার পর পরিবহন ধর্মঘট এসেছিল, এখানেও সেভাবে ধর্মঘট ডাকার হুমকি দেয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেইফটি অ্যাওয়ারনেসের সহ-সভাপতি ও পরিবেশ কর্মী স্থপতি ইকবাল হাবিব।

ডিসিসিআইয়ের সভাপতি তাসকিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বুয়েটের অধ্যাপক ও নগর বিশেষজ্ঞ ড. শামসুল হক, বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্সের সভাপতি ড. আদিল মোহাম্মদ খান প্রমুখ।