তিনদিনের অবকাশ যাপনে আগামী ১২ মে সাজেক ভ্যালি যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি ১৪ মে পর্যন্ত সেখানে অবস্থান করবেন। এ সময়ে মেঘের উপত্যকা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে পর্যটক আগমনে নিরুৎসাহিত করা হয়েছে। একই সঙ্গে এ সময়ে সাজেকের কংলাক ও রুইলুই চূড়ায় অবস্থিত সব কটেজ-রিসোর্ট বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে সাজেক কটেজ মালিক সমিতি।
জেলা প্রশাসন ও সাজেক কটেজ মালিক সমিতি সূত্র জানিয়েছে, আগামী ১২-১৪ মে পর্যন্ত সাজেকে তিনদিনের অবকাশযাপনে আসছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ সময়ে রাষ্ট্রপতির আগমনে নিরাপত্তাবলয় জোরদার করতে ছয়দিন সব রিসোর্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সাজেক কটেজ মালিক সমিতি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাজেক কটেজ মালিক সমিতির সদস্যভুক্ত ও সদস্য ব্যতীত সব মিলিয়ে সাজেকের দুটি পাহাড়ে শতাধিক আবাসিক কটেজ-রিসোর্ট রয়েছে। সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, সব কটেজ-রিসোর্ট বন্ধের আওতায় থাকবে, তবে ১৫ মে পূর্বের ন্যায় খুলে দেয়া হবে।
বিষয়টি নিশ্চিত করে সাজেক কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই বণিক বার্তাকে জানান, রাষ্ট্রপতির আগমন কেন্দ্র করে ৯-১৪ মে পর্যন্ত এ ছয়দিন সাজেকের সব কটেজ-রিসোর্ট বন্ধ থাকবে। এ সময়ে পর্যটকদের সাজেকে ভ্রমণে আসতে নিরুৎসাহিত করা হয়েছে।
জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বিজয় কুমার জোয়ার্দার বণিক বার্তাকে বলেন, আগামী ১২ মে মহামান্য রাষ্ট্রপতি সাজেক ভ্যালি ভ্রমণে আসবেন। ১৩ মে তিনি সাজেকে রাত্রিযাপন করবেন এবং ১৪ মে সাজেক ত্যাগ করবেন।










