ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের নতুন সদস্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সেলিম রায়হান। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিআইবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টিআইবি ট্রাস্টি বোর্ডের ১২৮তম সভায় তাকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। আগামী তিন বছর তিনি ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক সেলিম রায়হান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি গ্লোবাল ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (জিডিএন) পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের সম্মানসূচক সিনিয়র রিসার্চ ফেলো এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘কাটিং এজ অব ডেভেলপমেন্ট থিংকিং’ কর্মসূচির অ্যালামনাই।

টিআইবির ট্রাস্টি বোর্ডের অন্যরা হলেন- চেয়ারপারসন মানবাধিকারকর্মী ও ভাসমান হাসপাতাল জীবন তরীর উদ্যোক্তা মনসুর আহমেদ চৌধুরী, কোষাধ্যক্ষ দ্য ডেইলি স্টার প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম। আর সদস্যরা হলেন- অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, ফিলিপ গাইন, বনশ্রী পাল, ফারুক আহমেদ, তাহেরা ইয়াসমিন ও ব্যারিস্টার মনজুর হাসান।