মুন্সীগঞ্জ ও ঢাকার সংযোগকারী ষষ্ঠ বাংলাদেশ–চীন মৈত্রী সেতুর (মুক্তারপুর সেতু) সংস্কার ও আধুনিকায়নের কাজ শুরু হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকালে মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীর তীরে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন হয়।
বাংলাদেশ ও চীনের দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় দ্বিপক্ষীয় সহযোগিতার প্রতিফলন হিসেবে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। চীন সরকারের কারিগরি ও আর্থিক সহায়তায় সেতুর পূর্ণাঙ্গ সংস্কার কাজ সম্পন্ন করা হবে। প্রকল্পটির মূল লক্ষ্য সেতুর কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্ব বৃদ্ধি করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। এতে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা, চীনা দূতাবাসের প্রতিনিধিদল এবং প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সেতু সচিব বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বিশেষ দিকনির্দেশনায় এবং সরাসরি তত্ত্বাবধানে মুক্তারপুর সেতুর সংস্কার কাজ পরিচালিত হচ্ছে। উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। তিনি আরো বলেন, এ সংস্কারের ফলে রাজধানী ঢাকার সঙ্গে মুন্সীগঞ্জসহ দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা আরো নিরাপদ ও আধুনিক হবে।
চীন সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে সচিব সেতু বিভাগ বলেন, চীন সবসময় বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে পাশে ছিল। এ সংস্কার প্রকল্পটি 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এর আওতায় দুদেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার এক অনন্য উদাহরণ। দীর্ঘ সময় এ সেতু ব্যবহারের ফলে এর যে স্বাভাবিক সংস্কার প্রয়োজন ছিল, তা চীন সরকারের সহযোগিতার মাধ্যমে শুরু হলো। এটি শুধু একটি সেতু নয়, বরং দুদেশের আস্থার প্রতীক। চীন সরকারের এ কারিগরি সহযোগিতা আমাদের দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুসংহত করবে।
সেতু সচিব বলেন, বর্তমানে এ অঞ্চলে ট্রাফিক অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। জনসাধারণের চাহিদা বিবেচনা করে ২য় মুক্তার সেতু নির্মাণের জন্য চীন সরকারের প্রতি আহবান জানান।










