ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদ নগরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে তিনি মারা যান। মৃত ব্যক্তি ও তার স্ত্রীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জ্যেতি প্রু।
তিনি আরো জানান, মারা যাওয়া ব্যক্তি গত ৮ থেকে ১০ দিন ধরে শ্বাসকষ্ট ও গলাব্যথায় ভুগছিলেন।
এদিকে গতকাল শুক্রবার রাতে নমুনা পরীক্ষার ফলে আরো দুই ব্যক্তির কভিড ১৯ পজিটিভ এসেছে, এ নিয়ে ফরিদপুরের দুই উপজেলায় মোট চারজন আক্রান্ত হলো। যার মধ্যে তিনজনের বাড়ি নগরকান্দায় ও একজনের বাড়ি বোয়ালমারীতে।
নতুন করে আক্রান্ত দুজনের মধ্যে নগরকান্দা উপজেলার এক নারী, যার স্বামী এরই মধ্যে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। অপর ব্যক্তির বাড়ি বোয়ালমারীর গুনবহা ইউনিয়নের চন্দনী গ্রামে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান বলেন, এ পর্যন্ত ফরিদপুরে ১২৪ জন সন্দেহভাজনের করোনা পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়েছে, যার মধ্যে ৮৩ জনের ফল পাওয়া গেছে। যাদের চারজনের ফল পজিটিভ এসেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় ১৭ জনকে হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ১২ জন। এ পর্যন্ত জেলায় মোট এক হাজার ৯৪১ জনকে কোয়ারেন্টিনে নেওয়া হয়। ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৭০৬ জন। জেলায় বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ২৩৫ জন।









