নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মোবাইল কোর্টের অভিযানে একাধিক চুনা কারখানা ও আবাসিক ভবনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় দুটি চুনা কারখানার স্থাপনা ভেঙে ফেলা হয়, জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ পাইপ ও গ্যাস সরঞ্জাম।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে রোববার (১২ অক্টোবর) রূপগঞ্জের কাজীপাড়া, রুপসী, বানিয়াদি, লক্ষ্যা ও যাত্রাবাড়ী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উত্তর রুপসী ও বানিয়াদি এলাকায় অবৈধভাবে গ্যাস ব্যবহারকারী তিনটি চুনা কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থাও নেয়া হয়েছে। এছাড়া ২৪টি আবাসিক স্থাপনার গ্যাস সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়। একজন গ্রাহককে জরিমানা করা হয়।
এ অভিযানে অবৈধভাবে স্থাপিত বিপুল পরিমাণ পাইপ ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। এছাড়া বানিয়াদি, লক্ষ্যা ও যাত্রাবাড়ী এলাকায় তিন ও চার ইঞ্চি ডায়ার বিতরণ লাইন বিচ্ছিন্ন করে চারটি বাড়ির আটটি চুলার অবৈধ সংযোগ বন্ধ করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন বলেন, অবৈধভাবে গ্যাস ব্যবহার একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে, যাতে কেউ সরকারি সম্পদের অপব্যবহার করতে না পারে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, অবৈধ সংযোগ বিচ্ছিন্নে এ ধরনের অভিযান সারাদেশে চলমান রয়েছে বলে জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।










