ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশে যাত্রা শুরু করেছে। সেখানে ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবেন। শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায় ইনকিলাব মঞ্চ।
দলটি আরো জানায়, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করার এবং শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া আজ তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেয়ার কথা ছিল। তবে এর পরিবর্তে আগামীকাল মিছিলসহ তার মরদেহ কেন্দ্রীয় মসজিদে নেয়া হবে।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, আজ ও আগামীকাল ছাত্র-জনতা যেন শৃঙ্খলার সঙ্গে আন্দোলন জারি রাখেন। কোনো গোষ্ঠী যেন অনুপ্রবেশ করে আন্দোলন স্তিমিত করতে না পারে বা সহিংসতা করার সুযোগ না পায়।
দলের পক্ষ থেকে আরো বলা হয়েছে, ওসমান হাদির মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না। তাই সবাইকে শৃঙ্খলা বজায় রাখা এবং তার জন্য দোয়া পৌঁছনোর অনুরোধ করা হচ্ছে।










