ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের হলি ক্রিসেন্ট স্কুলের পেছনের সফিক ম্যানশনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ মা মেহেরুন্নেছা লিপির (৩৮) মৃত্যুর পর তার ছোট মেয়ে হাফসা ইসলামও (১৫) মারা গেছেন।
মা মেহেরুন্নেছা লিপি গতকাল বুধবার দুপুরে এবং আজ বৃহস্পতিবার সকালে মেয়ে হাফসা ইসলাম রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটের আউসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
এই ঘটনায় আরেক অগ্নিদগ্ধ বড় মেয়ে ফারহা ইসলামকে ঢাকায় আত্মীয়ের বাসায় নেয়া হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে। লিপি ও তার মেয়ে হাফসা ইসলামকে বার্ন ইউনিট থেকে ময়না তদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে। ময়না তদন্ত শেষে দাফনের জন্য ঢাকা হতে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার করেরহাট চত্তরিয়া গ্রামে নেয়া হবে বলে তার পরিবারসূত্রে জানা গেছে।
উল্লেখ্য, লিপি মিরসরাই উপজেলার করেরহাটের বাসিন্দা আবুধাবী প্রবাসী মাহফুজের স্ত্রী।
গত শুক্রবার (৫ মার্চ) শুক্রবার রাতে ফেনীর হলি ক্রিসেন্ট স্কুলের পাশে সফিক ম্যানশনের ৫ম তলায় লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে মা ও দুই মেয়ে দগ্ধ হন। পরের দিন শনিবার মা ও ছোট মেয়েকে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়।










