বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বানিয়াজান বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২০ মিটার স্পার যমুনা নদীতে বিলীন হয়ে গেছে। গতকাল সকাল ৮টার দিকে যমুনা নদীর প্রবল স্রোতে স্পারটির উত্তর পার্শের ২০ মিটার অংশের সিসি ব্লক ধসে যায়।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, যমুনার পানির প্রবল স্রোতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২০ মিটার অংশ ধসে গেছে। সংবাদ পেয়ে সেখানে ঠিকাদার পাঠানো হয়েছে এবং তাত্ক্ষণিকভাবে বালিভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে।

এদিকে গতকাল বেলা ২টার দিকে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য হাবিবর রহমান, ধুনটের ইউএনও সঞ্জয় কুমার মহন্ত, ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা, সংসদ সদস্যের ছেলে আসিফ ইকবাল সনিসহ দলীয় নেতারা ধসে যাওয়া ওই স্পারটি পরিদর্শন করেন।

জানা গেছে, ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের আটাচর গ্রাম থেকে কাজিপুর উপজেলার ঢেকুরিয়া পর্যন্ত প্রায় সাত কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও দুটি স্পার নির্মাণ করেছে পানি উন্নয়ন বোর্ড।

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুল করিম আপেল জানান, সকাল ৮টার দিকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বানিয়াজান স্পারের বেশকিছু অংশ হঠাৎ ধসে পড়ে। স্পারটি পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের স্পারটি রক্ষা করা না গেলে এ ইউনিয়নের প্রায় ১৫টি গ্রাম ভাঙনের মুখে পড়বে।

স্থানীয়রা জানায়, প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পূর্ব পার্শ্বের বৈশাখী ও বাঁধানগর গ্রামের যমুনা নদী থেকে ২০-২৫টি ড্রেজার মেশিনের সাহায্যে বালি উত্তোলন করে আসছে প্রভাবশালীরা। তাই প্রতিনিয়ত নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে। এ কারণে প্রতিদিনই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কোনো না কোনো স্থান ভেঙে যাচ্ছে। তবে মাঝেমধ্যে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসন অভিযান চালালেও পরবর্তী সময়ে আবারো প্রভাবশালীরা বালি উত্তোলন শুরু করে।

বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত জানান, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের স্পার ধসে যাওয়ার সংবাদ পেয়ে পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা দ্রুত স্পারটি মেরামতের উদ্যোগ নিয়েছেন। এছাড়া যমুনায় বালি উত্তোলন বন্ধে একাধিকবার অভিযান পরিচালনা করে প্রায় অর্ধশত বালি ব্যবসায়ীকে জেল ও জরিমানা করা হয়েছে। এরপর আবারো সেখানে অভিযান চালানো হবে বলে জানান তিনি।