বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রাউন্ড রবিন লিগে মাত্র দুটি ম্যাচ বাকি। আজ রাউন্ড রবিন লিগের শেষ দিন দুপুরে প্রথম ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। সন্ধ্যায় খুলনা টাইগার্স খেলবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে।
কুমিল্লার লক্ষ্য রংপুর রাইডার্সকে হটিয়ে শীর্ষস্থান দখল, বরিশালের লক্ষ্য প্লে-অফের চতুর্থ টিকিটটি লুফে নেয়া। বরিশাল বড় ব্যবধানে হারলেই তবে সিলেটের বিপক্ষে বড় জয় তুলে নিয়ে প্লে-অফে ওঠার ক্ষীণ আশা তৈরি হবে খুলনার। তাই কুমিল্লা-বরিশাল ম্যাচে চোখ থাকবে খুলনারও। এদিকে পঞ্চম জয়ে খুলনার সমান পয়েন্ট নিয়ে এবারের লিগ শেষ করতে চাইবে সিলেটও।
রাউন্ড রবিন লিগে পুরো ১২ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে রয়েছে রংপুর। তাদের রানরেট ১.৪৩৮। কুমিল্লা ১১ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে। তাদের রানরেট ১.২৭৯। বরিশালকে (১১ ম্যাচে ১২ পয়েন্ট) বড় ব্যবধানে হারালে তাদের শীর্ষে ওঠার সুযোগ থাকবে।
রংপুর ১২ ম্যাচের মধ্যে নয়টি জিতেছে। কুমিল্লা এবারের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত ঢাকার কাছে হেরেছে। এরপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে তারা প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে। শেষ দিকে ক্যারিবিয়ান তারকা সুনীল নারাইন, আন্দ্রে রাসেল ও ইংলিশ তারকা মঈন আল ব্রিগেডে যুক্ত হওয়ায় এখন শিরোপার ফেভারিটও হয়ে উঠেছে বিপিএলের সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়নরা।
১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাদের আর চারের বাইরে যাওয়ার সুযোগ নেই। চতুর্থ টিকিটের জন্য লড়াই এখন বরিশাল ও খুলনার। যদিও খুলনার আশা খুবই কম এবং আগের ম্যাচে চট্টগ্রামের কাছে হেরে দলটির অধিনায়ক এনামুল হক বিজয় স্বীকারও করেছেন, এখান থেকে আর কোনো আশা তিনি দেখেন না। বরিশালের রানরেট (প্লাস) ০.৪৩৪। অন্যদিকে খুলনার রানরেট (মাইনাস) ০.৪০০।
দুর্দান্ত ঢাকা প্রথম ম্যাচ জয়ের পর টানা ১১টি হেরেছে। বিপরীতে খুলনা প্রথম টানা চার জয়ের পর হারতে হারতে টেবিলের পাঁচে নেমেছে। গতবার রাউন্ড রবিন লিগের শীর্ষ দল সিলেট এবার হতাশ করেছে। তারা প্রথম পাঁচ ম্যাচেই হেরেছে। এরপর বাকি সাত ম্যাচে চারটি জিতেছে।
১ মার্চ শেষ হবে দশম বিপিএল। রোববার এলিমিনেটর ম্যাচ ও প্রথম কোয়ালিফায়ার, মঙ্গলবার দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ১ মার্চ শুক্রবার ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।










