২৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এল বাগেরহাটের মোংলা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড)‘র ভিআইপি- ব্যাগ-১ নং কারখানার আগুন। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে অবস্থান করছেন। 

গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের এ কারখানায় আগুন লাগে। খবর পেয়ে পর্যায়ক্রমে খুলনা, বাগেরহাট ও মোংলা ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট অগ্নিনির্বাপনে অংশ নেয়।

কারখানায় থাকা পলেস্টার ফেব্রিক্স, ফোম ও ক্যামিকেলের কারণে আগুন নেভাতে সমস্যায় পড়েন বলে জানান ফায়ার ফাইটাররা।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মামুন মাহমুদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন স্টেশনের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। কিন্তু কারখানায় ফেব্রিক্স, ফোম, ট্রলি ও ক্যামিকেল থাকায় সমস্যা হয়েছে। সর্বোচ্চ চেষ্টায় আমরা আগুন নেভাতে সক্ষম হয়েছি। 

এদিকে আগুনের ঘটনায় দেড়শ কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি করে গতকাল রাতে মোংলা থানায় সাধারণ ডায়েরি করেছেন কারখানার সহকারী ব্যবস্থাপক আশীস কুমার কর্মকার।

অন্যদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ জানতে মোংলা ইপিজেড কর্তৃপক্ষ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। মোংলা ইপিজেডের অতিরিক্ত নির্বাহী পরিচালক আবুল হাসান মুন্সির নেতৃত্বে গঠিত এ কমিটি ৩ কার্যদিবসের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাবে। 

মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মো. মাহাবুব আহম্মেদ সিদ্দিক বলেন, ইপিজেডের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ভিআইপি-১ ফ্যাক্টরির আগুন নিভেছে। এ ঘটনার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করবেন। তদন্ত প্রতিবেদন পেলে বোঝা যাবে কী কারণে আগুন লেগেছে।