বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেছেন আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি। সোমবার (২৬ মে) দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক হয়। এ সময় দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও বাণিজ্য বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো টেকসই করতে উভয় দেশকে বাণিজ্যিক সুযোগ কাজে লাগাতে হবে। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আলজেরিয়ার প্রতি আহবানও জানান তিনি।

বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় প্রধান পাট উৎপাদনকারী দেশ উল্লেখ করে শেখ বশিরউদ্দীন বলেন, বিশ্বে পাট ও বাংলাদেশ সমার্থক হিসেবে পরিগণিত হয়। তাই বাংলাদেশ থেকে আলজেরিয়ায় পাটজাত পণ্য আমদানির আহ্বান জানান তিনি।

আলজেরিয়ার রাষ্ট্রদূত দুদেশের মধ্যে বাণিজ্য বাড়াতে ইন্টার গভর্নমেন্ট জয়েন্ট ইকোনমিক কমিশন (আন্ত:সরকার যৌথ অর্থনৈতিক কমিশন) গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আলজেরিয়ায় পাট পণ্যের বেশ চাহিদা রয়েছে। সে কারণে বাংলাদেশ থেকে পাট পণ্য আমদানি করতে তারা আগ্রহী। আলজেরিয়ায় অনুষ্ঠেয় এক্সপোতে বাংলাদেশী পাট ও ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শনের আহ্বান জানান আবদেলোহাব সাইদানি।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা উইং) বি এম জামাল হোসেন ও অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান ছিলেন।