অফশোর ব্যাংকিং ইউনিটে (ওবিইউ) থাকা অনাবাসীদের বৈদেশিক মুদ্রার আমানতকে জামানত হিসেবে ব্যবহার করে স্থানীয় মুদ্রায় অর্থায়নের সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন এসব আমানতের বিপরীতে শুধু স্বল্পমেয়াদি চলতি মূলধন অর্থায়ন নয়, স্বল্পমেয়াদি অর্থায়ন ও ভোক্তা ঋণও দেয়া যাবে। একই সঙ্গে এ সুবিধার আওতা বাড়িয়ে স্থানীয় বাসিন্দা ব্যক্তি ও অনাবাসী বাংলাদেশীদের (এনআরবি) অন্তর্ভুক্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়েছে।

মুদ্রা হিসাব এবং অনাবাসী বৈদেশিক মুদ্রা আমানত হিসাবের (নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট) স্থিতি জামানত হিসেবে ব্যবহার করা যাবে। এসব হিসাব বৈদেশিক মুদ্রা লেনদেনসংক্রান্ত নির্দেশিকার (জিএফইটি) অধ্যায় ১৩-এর সংশ্লিষ্ট বিধানের আওতায় পরিচালিত হতে হবে।

এর আগে ২০২৫ সালের ৩ জুলাই জারি করা এফই সার্কুলার নং ২৭-এর মাধ্যমে ওবিইউতে থাকা অনাবাসী হিসাবধারীদের বৈদেশিক মুদ্রার আমানত তাদের সংশ্লিষ্ট ডোমেস্টিক ব্যাংকিং ইউনিটের মাধ্যমে স্থানীয় কোম্পানি, ফার্ম ও ব্যক্তিকে অর্থায়নের জামানত হিসেবে ব্যবহারের সুযোগ দেয়া হয়েছিল।

নতুন নির্দেশনায় ওই সার্কুলারের ৫ নম্বর অনুচ্ছেদ সংশোধন করে বলা হয়েছে, প্রাইভেট বৈদেশিক মুদ্রা হিসাব ও অনাবাসী বৈদেশিক মুদ্রা আমানত হিসাবের স্থিতি জামানত রেখে স্থানীয় মুদ্রায় স্থানীয় কোম্পানি, ফার্ম ও ব্যক্তিকে স্বল্পমেয়াদি চলতি মূলধন অর্থায়ন করা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দা ব্যক্তি এবং এনআরবিকে প্রয়োজন অনুযায়ী স্বল্পমেয়াদি অর্থায়ন ও ভোক্তা ঋণ দেয়ার ক্ষেত্রেও এসব আমানত জামানত হিসেবে ব্যবহার করা যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ সুবিধা সংশ্লিষ্ট আগের সার্কুলারের ২, ৩ ও ৪ নম্বর অনুচ্ছেদে থাকা নির্দেশনা পরিপালনের শর্তসাপেক্ষে কার্যকর হবে। আগের সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।