শ্রীলংকার মাটিতে চলমান উইমেন্স এশিয়া কাপে গতকাল মালয়েশিয়াকে ১১৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ১৯১ রান তোলে টাইগ্রেসরা। জবাব দিতে নেমে মালয়েশিয়া ২০ ওভারে ৮ উইকেটে ৭৭ রান তুলতে সমর্থ হয়। গতকাল রাতের ম্যাচে শ্রীলংকার কাছে ১০ উইকেটে হেরে বিদায় নিয়েছে থাইল্যান্ড।

এরই মধ্যে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান। গতকাল ‘বি’ গ্রুপ থেকে শ্রীলংকা ও বাংলাদেশ উঠেছে সেমিফাইনালে। শুক্রবার প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিন দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে শ্রীলংকা ও পাকিস্তান। 

গতকাল টস জিতে আগে ব্যাট করতে নেমে মুর্শিদা খাতুন ও নিগার সুলতানার ব্যাটে ভর করে বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। মুর্শিদা ৫৯ বলে ১০টি চার ও এক ছক্কায় ৮০ এবং নিগার ৩৭ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় ৬২ রানের হার না-মানা ইনিংস খেলেন। দিলারা আক্তার করেন ২০ বলে ৩৩ রান। 

প্রথম উইকেটে দিলারা ও মুর্শিদা ৪৬ বলে ৬৫, দ্বিতীয় উইকেটে মুর্শিদা ও নিগার ৫৬ বলে ৮৯ ও তৃতীয় উইকেটে নিগার ও রুমানা ১৮ বলে ৩৭ রান যোগ করেন। ক্যারিয়ারসেরা ইনিংস খেলে ম্যাচসেরা হন মুর্শিদা। তিনি থাইল্যান্ডকে হারানো ম্যাচেও ফিফটি করেন।