বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে কমপ্রিহেনসিভ পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন এগ্রিমেন্ট (পিসিএ) শীর্ষক চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও ইইউ’র মধ্যে কমপ্রিহেনসিভ পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন (পিসিএ) বিষয়ক ফ্রেমওয়ার্ক চুক্তি নিয়ে পঞ্চম দফা আলোচনা ৭ থেকে ৮ জানুয়ারি ঢাকা ও সিলেটে অনুষ্ঠিত হয়েছে। আলোচনার মাধ্যমে উভয় পক্ষ চুক্তির খসড়া চূড়ান্ত করেছে। এ উদ্দেশ্যে ইউরোপীয় ইউনিয়নের তিন সদস্যের একটি প্রতিনিধিদল বর্তমানে বাংলাদেশ সফর করছে।
মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) ড. মো. নজরুল ইসলাম। ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) এশিয়া-প্যাসিফিক বিষয়ক অ্যাক্টিং ম্যানেজিং ডিরেক্টর মিস পাউলা পাম্পালোনি। আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশে রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং ইউরোপীয় ইউনিয়নের উচ্চপদস্থ কর্মকর্তারা সরাসরি ও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। বৈঠকে ড. ইসলামের সহায়তায় ছিলেন ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা।
প্রস্তাবিত পিসিএ নিয়ে আলোচনা শুরু হয় ২০২৪ সালের নভেম্বর মাসে ঢাকায় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত এক ব্যাখ্যামূলক বৈঠকের মাধ্যমে। এরপর থেকে উভয় পক্ষ ঢাকা ও ব্রাসেলসে সরাসরি ও ভার্চুয়ালি পাঁচ দফা আলোচনা এবং একাধিক কারিগরি বৈঠকে অংশ নেয়। পঞ্চম দফার আলোচনায় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক আগ্রহের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষভাবে গুরুত্ব পায়, যার মধ্যে রয়েছে আইন ও বিচারিক সহযোগিতা, মেধাস্বত্ব অধিকার, জ্বালানি সহযোগিতা, মৎস্য, জলজ চাষ ও মহাসাগরীয় শাসন, বাণিজ্য ও বিনিয়োগ, মানবাধিকার, কাস্টমস সহযোগিতা ইত্যাদি। উভয় পক্ষ একটি ব্যাপক, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিকভাবে উপকারী চুক্তিতে পৌঁছাতে গঠনমূলক আলোচনা করে, যা বাংলাদেশ–ইইউ সম্পর্কের পরিবর্তনশীল অগ্রাধিকার প্রতিফলিত করে এবং উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সহায়ক। সফল আলোচনার পর পিসিএ চুক্তির খসড়া উভয় পক্ষের মধ্যে সম্মত হয়েছে।
চুক্তিটি স্বাক্ষরিত হলে এটি বাংলাদেশ–ইইউ কৌশলগত ও দীর্ঘমেয়াদি সম্পর্কের জন্য আইনি ও রাজনৈতিক ভিত্তি হিসেবে কাজ করবে। মানবাধিকার ও সুশাসন থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ, পরিবেশগত টেকসইতা ও জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, জ্বালানি, পরিবহন এবং বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনসহ বহু নীতিখাতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক জোরদারে সহায়তা করবে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে পিসিএ স্বাক্ষরকারী প্রথম দক্ষিণ এশীয় দেশ হওয়ার পথে বাংলাদেশ অগ্রসর হওয়ার দিক থেকেও এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এর আগে গতকাল ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। বৈঠকগুলোতে বাংলাদেশ–ইইউ সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, যার মধ্যে পিসিএ চুক্তি, আসন্ন সাধারণ নির্বাচন ও গণভোট, অবৈধ অভিবাসন প্রতিরোধ, নবায়নযোগ্য জ্বালানিতে সহযোগিতা এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ অন্তর্ভুক্ত ছিল। প্রধান উপদেষ্টা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পররাষ্ট্র উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে গঠনমূলক, অগ্রসর ও ফলপ্রসূ সম্পৃক্ততার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। মিস পাম্পালোনি বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি সফল গণতান্ত্রিক রূপান্তরের পর বাংলাদেশ–ইইউ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে এবং ঢাকা ও বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোটের মধ্যে সম্পৃক্ততার নতুন অধ্যায় সূচিত হতে পারে।










