বাগেরহাটে মাইক্রোবাসের ধাক্কায় বাবার ভ্যান
থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় সিনহা খাতুন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল
বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার টাউন নোয়াপাড়া
নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত শিশুর জমজ বোন সাবিয়া খাতুন
(৫), তাদের বাবা সেলিম শেখ (৪০) ও মা তাজমিরা খাতুন (৩৩) আহত হয়েছেন। তারা উপজেলার
বৈলতলী এলাকার বাসিন্দা।
হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।
স্থানীয়রা আহতদের চিকিৎসার জন্য ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান।
স্থানীয়দের বরাত দিয়ে বাগেরহাটের কাটাখালী
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান শেখ বলেন, সেলিম
শেখ নিজের ভ্যানে করে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ফকিরহাটের কাটাখালী মোড় থেকে নিজ
বাড়িতে যাচ্ছিলেন। এ সময় খুলনার দিক থেকে আসা একটি মাইক্রোবাস পেছন থেকে ভ্যানটিকে
ধাক্কা দেয়। ধাক্কায় চালক সেলিম ও ভ্যানে থাকা তার স্ত্রী-সন্তানরা ছিটকে রাস্তায়
পড়ে যায়। একই সময় ঢাকার দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের পেছনের চাকায় পিষ্ট
হয়ে শিশু সিনহা খাতুনের মৃত্যু হয়।
ওসি আরো বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে
নেয়া হয়েছে। তাদের কারো অবস্থা গুরুতর নয়।










