প্রথম আলো, ডেইলি স্টার কার্যালয়ে ও নিউ এজের সম্পাদক নূরুল কবিরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মিডিয়া ফ্রিডম কোয়ালিশন। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। দশটি দেশ এতে স্বাক্ষর করে।
এতে বলা হয়, গত রাতে সাংবাদিক, সম্পাদক এবং সংবাদমাধ্যমের কার্যালয়ের ওপর চালানো হামলার তীব্র নিন্দা জানাচ্ছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন। এ ধরনের সহিংসতা এবং ভীতি প্রদর্শনের ঘটনা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এটি সংবাদপত্রের স্বাধীনতা ও জনগণের তথ্য পাওয়ার অধিকারের ওপর আঘাত।
বিবৃতিতে আরো বলা হয়, আমরা সব সংবাদকর্মীর নিরাপত্তা নিশ্চিত করার এবং দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছি, যাতে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা যায়। সাংবাদিকদের অবশ্যই কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই তাদের পেশাগত কাজ করার সুযোগ দিতে হবে। আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং একটি উন্মুক্ত ও সচেতন সমাজ গঠনের জন্য সাংবাদিকদের সুরক্ষা প্রদান অপরিহার্য।










