আইনের শাসন নিশ্চিত করার জন্য মাঠ পর্যায়ের নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘আমি বেশ কিছুদিন আগে সম্ভবত এটা বলেছিলাম যে আইনের শাসন কাকে বলে আমরা দেখিয়ে দিতে চাই। কারণ আমাদের ওপর সামষ্টিকভাবে এটা ব্লেম করা হচ্ছে, সবাইকে ব্লেম করা হচ্ছে। বলা হচ্ছে, আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি। আমরা একটা ম্যানেজ ইলেকশন করেছি। এ অপবাদ থেকে আমরা মুক্তি চাই। আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি।’
গতকাল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনাবিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বৈঠকে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও বিভাগের প্রতিনিধি, আইজিপি, বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক, এসপি, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এএমএম নাসির উদ্দিন বলেন, ‘আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সত্যিকার অর্থে বলতে গেলে ইফেক্টিভলি মাঠ পর্যায়ে যারা সরকারকে সচল রাখেন, যারা সরকার-দেশটাকে সচল রাখেন মাঠ পর্যায়ে ইফেক্টিভলি, তাদের সবাই এখানে উপস্থিত আছেন। ক্রান্তিলগ্নে আমাদের ওপর দায়িত্ব এসে পড়েছে। এ দেশটাকে সঠিকভাবে সঠিক অবস্থায় রেখে দেয়া আমাদের দায়িত্ব। আমার অথরিটি ততক্ষণ কাজ করবে যতক্ষণ আপনারা কাজ করবেন। আপনারা কাজ না করলে আমার অথরিটি কাজ করবে না। এ সিস্টেমটাকে ধরে রাখা, সিস্টেমটাকে চালু রাখা এবং সিস্টেমটা যাতে ডেলিভার করতে পারে সে ব্যবস্থা করা, সে দায়-দায়িত্ব আপনার। ইউ আর অল রেসপন্সিবল।’
তিনি আরো বলেন, ‘যে গুরুদায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে, এ দায়িত্ব ডেলিভার করার, ডিসচার্জ করার যে দায়িত্ব আমাদের এসে পড়েছে; আমরা ইনশা আল্লাহ সবাই মিলে এটা পরিপালন করব এবং এখানে কোনো রকমের বিচ্যুতি ঘটবে না। আপনারা সবাই সঠিকভাবে সঠিক কাজটা সঠিক সময়ে করবেন। ইফেক্টিভলি করবেন।’
সিইসি বলেন, ‘আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি। এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব। রুল অব ল-এর মাধ্যমেই সম্ভব। সুতরাং আপনারা মাঠ দিয়ে যারা আছেন তারা আইনের শাসনটা নিশ্চিত করবেন।’
তিনি বলেন, ‘আপনারা ভালো থাকলে, আপনারা ভালো কাজ করলে আমি ভালো থাকি। আপনারা যদি ভালো না থাকেন, আপনারা যদি ভালোভাবে কাজ না করেন আমার ঘুম হারাম।’
নির্বাচন সুষ্ঠু করতে মাঠ প্রশাসন ও পুলিশের আশ্বাসে ‘বুকের জোর’ বেড়েছে জানিয়ে তিনি বলেন, ‘কোনো ধরনের পক্ষপাতিত্ব নিয়ে কাজ করবেন না; পেশাদারত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। আজকে খুব অসম্ভব রকমভাবে আমার বুকের জোর বেড়েছে আপনাদের কথাবার্তা শুনে।’










