সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে ইন্টারন্যাশনার রেসকিউ কমিটির (আইআরসি) ডেপুটি রিজিওনাল ডিরেক্টর (এশিয়া) হাসিনা রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, জরুরি স্বাস্থ্য সেবা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, দুর্যোগকালীন ও পরে ঝুঁকি কমানোর জন্য প্রশিক্ষণ ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে কারিগরি ও অভিজ্ঞতা বিনিময় সংক্রান্ত আলোচনা হয়।

সাক্ষাৎকালে মন্ত্রী আইআরশিকে মুক্তিযুদ্ধসহ দীর্ঘদিনের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শুধু দেশের দক্ষিণাঞ্চলেই নয়, সমগ্র বাংলাদেশে কাজ করারও আহ্বান জানান।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারে নারী এবং শিশু সম্পর্কে যে সকল অঙ্গীকার করেছে, সেগুলো বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। ইতোমধ্যেই বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে।

আইআরসির ডেপুটি রিজিওনাল ডিরেক্টর বাংলাদেশে সামাজিক সুরক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি নারী ও শিশুদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানের জন্য কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতার প্রয়োজন হলে, আইআরসির পক্ষ হতে সহযোগিতা করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে তিনি বিশ্বের বিভিন্ন দেশে আইআরসির পরিচালিত কল্যাণমুখী কার্যক্রমের কথা মন্ত্রীকে অবহিত করেন।

রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় প্রদান করার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। একইসঙ্গে তিনি মিয়ানমার হতে বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের সহায়তা প্রদানসহ কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীকেও বিভিন্ন বিষয়ের সহায়তা প্রদানের বিষয়ে আলোকপাত করেন।

এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন উপস্থিত ছিলেন।