পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমের অপসারণ ও বিচারের দাবি জানিয়েছেন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা। রোববার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে শহীদ পিন্টু স্মৃতি পরিষদের ব্যানারে আয়োজিত সমাবেশে তিনি বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন উদ্ধৃত করে তৎকালীন এসবি প্রধান ও বর্তমান আইজিপি বাহারুল আলমের অপসারণ ও বিচারের দাবী করেন।
নাসিমা আক্তার কল্পনা বলেন, নাসিরুদ্দিন আহাম্মেদ পিন্টু একটি দেশের জন্য, একটি দলের জন্য জীবন দিয়েছেন। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। তিনি পরিবার ও ম্যাডাম খালেদা জিয়ার একজন আদর্শ সৈনিক ছিলেন। তবু তাকে ষড়যন্ত্র করে ২০০৯ সালের জুন মাসে হাইকোর্ট চত্বর থেকে গ্রেফতার করা হয়।
তিনি অভিযোগ করেন, তখনকার সিআইডি প্রধান কাহার আকন্দ তাকে সংস্থাটির কার্যালয়ে নিয়ে যান এবং পরবর্তীতে উত্তরা টিএফ সেলে স্থানান্তর করা হয়। সেখানে পিন্টুকে ভয়াবহ নির্যাতনের মুখে ফেলে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়েছিল।
তিনি আরো বলেন, আমি যখন টিএফ সেলে যাই ওষুধ ও কাপড় দিতে, তখন আমাকে গেট থেকেই ফিরিয়ে দেয়া হয়। আমার সঙ্গে কথা বলতে দেননি। পিন্টুকে আয়নাঘরসহ বিভিন্ন স্থানে নিয়ে টর্চার করা হয়। তাকে বারবার বলানো হয়েছে, বিএনপি নেতারা পিলখানা হত্যায় জড়িত।










