কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে নুসাইবা (২) ও আদিবা (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে পাকুন্দিয়া পৌরসভাধীন আনোয়ারখালী এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু নুসাইবা জেলার পাকুন্দিয়া উপজেলার আনোয়ারখালী গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে। অন্যদিকে সিদ্দিক হোসেনের বোন মরিয়মের মেয়ে শিশু আদিবা। দুই শিশু সম্পর্কে মামাতো- ফুফাতো বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নুসাইবা ও আদিবা বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাদের উদ্ধার করেন। পরে গুরুতর অবস্থায় শিশু নুসাইবা ও আদিবাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাওহীদ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।