বরিশাল নগরীর অভ্যন্তরে স্থাপিত ছয়টি শিল্পপ্রতিষ্ঠান অন্যত্র স্থানান্তরে পরিবেশ অধিদপ্তর থেকে বারবার তাগিদ দিয়েও কোনো ফল মেলেনি। দায়সারা নোটিসের পর পরিবেশ অধিদপ্তর ১০ বছরেও নেয়নি কোনো আইনি পদক্ষেপ। উল্টো শিল্পমালিকরা চিঠির জবাব দিতে সময়ক্ষেপণ করেছেন। শিল্পমালিকরা বলছেন, বরিশালে ইপিজেড বা শিল্প জোন প্রতিষ্ঠা না করলে তাদের কারখানা স্থানান্তরের সুযোগ নেই।
বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গিয়েছে, ২০১৩ সালে বরিশাল নগরীর অভ্যন্তরে থাকা ছয়টি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান কেমিস্ট ল্যাবরেটরি লিমিটেড, অপসো স্যালাইন লিমিটেড, অপসোনিন ফার্মা লিমিটেড, রেফকো ল্যাবরেটরিজ লিমিটেড, ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস ও প্যারাডাইস লিমিটেডকে তাদের কারখানা নগরীর জনবহুল এলাকার বাইরে স্থানান্তরের জন্য নোটিস দেয়া হয়েছে।
এরপর নড়েচড়ে বসেন বরিশালের ওই ছয় শিল্প-কারখানার মালিকরা। ২০১৩ সালে কেমিস্ট ল্যাবরেটরি লিমিটেড ও ২০১৫ সালে অপসোনিন ফার্মা লিমিটেডসহ প্রতিটি প্রতিষ্ঠানই পরিবেশ অধিদপ্তরকে একটি করে লিখিত জবাব দেয়। ওই চিঠির জবাব সব প্রতিষ্ঠানের একই রকম। শিল্পমালিকরা জানান, দীর্ঘ ৫০-৬০ বছরের একটি শিল্পপ্রতিষ্ঠান রাতারাতি স্থানান্তর সম্ভব নয়। এজন্য বিস্তর জমির প্রয়োজন। যেহেতু পর্যাপ্ত জমি পাওয়া যাচ্ছে না বা এখানকার বিসিকের সেই জমি নেই। তাই তারা ইপিজেড বা শিল্প জোন প্রতিষ্ঠার দাবি করেন ওই চিঠিতে। তারা বলেন, প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিবেশের ক্ষতির কারণ হয় এমন কিছুই তারা করবেন না। বরিশাল সিটি করপোরেশনের ড্রেনে কারখানা থেকে যে পানি যাচ্ছে তা এফিলুয়েন্ট ট্রিটমেন্টের মাধ্যমে পরিশোধন করে ড্রেনেজ করা হয়। এরপর রহস্যজনক কারণে পরিবেশ অধিদপ্তর বা শিল্প-কারখানা মালিকদের আর কোনো কার্যক্রম দীর্ঘ ১০ বছরেও নজরে আসেনি বলে দাবি করেন পরিবেশবিদরা।
পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বরিশালের সমন্বয়ক লিংকন বায়েন বলেন, ওষুধ কারখানার বর্জ্য কীর্তনখোলা নদীর মধ্যে পড়ছে। এসব কারখানা নগরীর মধ্য থেকে বহু বছর আগেই সরে যাওয়ার কথা থাকলেও বহাল থেকে প্রতিনিয়ত পরিবেশ দূষণ করছে। নগরবাসীর একটাই প্রশ্ন, এসব কারখানা নগরী থেকে কবে অপসারিত হবে। তিনি বলেন শুধু এ ছয়টি শিল্পপ্রতিষ্ঠান নয়, এখন আরো প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে এ নগরীর অভ্যন্তরে ও কীর্তনখোলা নদীর তীরঘেঁষে। সিমেন্ট ফ্যাক্টরি, জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান, তেল ডিপো, মৎস্য ও কাঁচাবাজারের বর্জ্য এবং ছয়টি ওষুধ কোম্পানির তরল বর্জ্য ড্রেনের মাধ্যমে কীর্তনখোলা নদীতে গিয়ে পানি দূষিত করে তুললেও বিষয়টি যেন দেখার কেউ নেই।
সরেজমিন দেখা গিয়েছে, বরিশাল নগরীর রূপাতলীতে কীর্তনখোলা নদীর তীরঘেঁষে গ্লোবাল ক্যাপসুল লিমিটেডের উৎপাদন কারখানা। ওই কারখানায় বর্জ্য পরিশোধনাগার নেই। প্রতিদিন উৎপাদন হয় ৫০ লাখ পিস হার্ড জিলেটিন ক্যাপসুল ও হার্ডসেল গ্রেড জিলেটিন ১০০ কেজি। উৎপাদনের পর তরল বর্জ্য ড্রেনের মাধ্যমে কীর্তনখোলা নদীতে যায়। নগরীর ২০ নম্বর ওয়ার্ডের কলেজ রোডে অবস্থিত কেমিস্ট ল্যাবরেটরি লিমিটেড। এ প্রতিষ্ঠানে উৎপাদন হয় ক্যাপসুল, ট্যাবলেট, সিরাপ ও ইনজেকশন। প্রতিষ্ঠানের বর্জ্য নিজস্ব ড্রেন দিয়ে সিটি করপোরেশনের ড্রেনের মাধ্যমে চলে যায় কীর্তনখোলা নদীতে। একইভাবে বগুড়া রোডে অপসোনিন ফার্মা লিমিটেড, নতুন বাজার সড়কের রেফকো ল্যাবরেটরিজ লিমিটেড ও ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালসের বর্জ্য সিটি করপোরেশনের ড্রেন দিয়ে চলে যায় কীর্তনখোলায়। ফলে প্রতিদিন দূষিত হচ্ছে কীর্তনখোলার পানি। এছাড়া নদীতীরে গড়ে ওঠা সিমেন্ট ফ্যাক্টরি, জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান, জ্বালানি তেলের ডিপো, মৎস্য ও কাঁচাবাজারের বর্জ্য কীর্তনখোলার পানি দূষিত করে তুলছে। এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গিয়েছে, সর্বশেষ গত বছরের ৬ আগস্ট অপসোনিন কেমিক্যালের এবং ২৫ জুলাই গ্লোবাল ক্যাপসুলের তরল বর্জ্যের সংগৃহীত নমুনা পরীক্ষা করা হয়। এতে যে মাত্রা পাওয়া গিয়েছে তা সবই নদীর জলজ প্রাণিকুল ও জীববৈচিত্র্যের সহনীয় মাত্রার বাইরে। অপসোনিনের এ দুটি কারখানার বর্জ্য শোধনাগার বিধিমতো স্থাপিত হয়নি। সংগৃহীত নমুনা পরীক্ষার ফলে উল্লেখ রয়েছে, তরল বর্জ্যের দ্রবীভূত অক্সিজেনের সহনীয় মাত্রা হচ্ছে প্রতি লিটারে ৪ দশমিক ৫-৮ মিলিগ্রাম। অপসোনিন কেমিক্যাল কারখানার নির্গত তরল বর্জ্যে আছে ৪ দশমিক ১ মিলিগ্রাম। সিওডির অক্সিজেন চাহিদার সহনীয় মাত্রা ২০০ মিলিগ্রাম হলে নির্গত বর্জ্যে আছে ২১০ মিলিগ্রাম। আবার দপদপিয়া গ্লোবাল ক্যাপসুলের বর্জ্যের দ্রবীভূত অক্সিজেনের মাত্রা আছে ৩ দশমিক ২ মিলিগ্রাম। সিওডির মাত্রা ২৪৮ মিলিগ্রাম।
কেমিস্ট ল্যাবরেটরির জেনারেল ম্যানেজার কাজল ঘোষ বলেন, আমরা পরিবেশের ক্ষতি হয় এমন কাজ এড়িয়েই ফ্যাক্টরি পরিচালনা করে আসছি। আর স্থানান্তরের জন্য বিসিকে জমি নেয়া হয়েছে। মূলত এত বড় শিল্পপ্রতিষ্ঠান বিসিকের স্বল্প জায়গায় হয় না। যেহেতু বরিশালে শিল্প জোন বা ইপিজেড নেই সেহেতু বাধ্য হয়ে বিসিকে জমি নেয়া হয়েছে। এখন পর্যায়ক্রমে স্থানান্তর করা হবে।
১০ বছরেও কেন নগরীর অভ্যন্তর থেকে কারখানা স্থানান্তর করা হয়নি—এমন প্রশ্নের উত্তরে অপসোনিন ফার্মার সিনিয়র নির্বাহী কর্মকর্তা ও এইচআর অ্যাডমিন সাইদুর রহমান বলেন, আমাদের দুটি প্রতিষ্ঠানই বাইরে জমি নিয়েছে। আগামী মাসের দিকে অপসোনিন ফার্মা স্থানান্তরের কাজ শুরু হবে। আর অপসো স্যালাইন রূপাতলী এলাকায় জমি নিয়ে এখন ভবন নির্মাণের কাজ করছে।
এ বিষয়ে বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. আবদুল হালিম বলেন, এ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আমরা নোটিস দিয়েছি ঠিকই, এগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। এত বড় শিল্পপ্রতিষ্ঠানের বিষয়ে বরিশাল থেকে কিছু করার নেই।
বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, আমরা পরিবেশ অধিদপ্তর, বিভিন্ন কল-কারখানার মালিকদের সঙ্গে বৈঠক করেছি। শিল্প-কারখানাগুলো স্থানান্তর ও ছাড়পত্র নবায়ন বিষয়ে পরিবেশ অধিদপ্তর মন্ত্রণালয়ের কথা বলে দায় এড়াতে পারে না কারণ এখানে পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিনিধি পরিচালক নিজে। তাকেই পরিষ্কার করতে হবে এতগুলো প্রতিষ্ঠান নগরীর অভ্যন্তরে চলছে কীভাবে। বিষয়টি নিয়ে তিনিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন।










