বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক গুরুত্বসহকারে প্রকাশ করা হয়েছে। এসব সংবাদমাধ্যম তার রাজনৈতিক জীবন, সংগ্রাম ও অবদানের ওপর আলোকপাত করে।
বার্তা সংস্থা এএফপি বলেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, যাকে অনেকেই আগামী নির্বাচনে পুনরায় ক্ষমতায় ফিরতে পারেন বলে মনে করছিলেন, মঙ্গলবার সকালে ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।
এএফপি আরো বলেছে, দীর্ঘদিন অসুস্থতা ও কারাবাস সত্ত্বেও খালেদা জিয়া গত নভেম্বরে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে প্রচারণায় অংশ নেয়ার অঙ্গীকার করেছিলেন। গত বছর গণ-অভ্যুত্থানে তার চিরপ্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এটিই ছিল দেশের প্রথম জাতীয় নির্বাচন।
বিবিসি ‘খালেদা জিয়া: নিহত নেতার বিধবা স্ত্রী থেকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, তবে ১৯৮১ সালে স্বামীর হত্যাকাণ্ডের পর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বে উঠে আসেন এবং নব্বইয়ের দশক ও ২০০০-এর দশকের শুরুর দিকে দুই দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
এপির খবরে বলা হয়, ২০২০ সালে অসুস্থতার কারণে কারামুক্তির পর তার পরিবার অন্তত ১৮ বার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কাছে তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়ার আবেদন জানালেও তা প্রত্যাখ্যান করা হয়। ২০২৪ সালে শেখ হাসিনার পতনের পর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অবশেষে তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়।
রয়টার্স শিরোনাম দেয়—‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেলেন’। রয়টার্স জানায়, ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়া খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থতার পর মঙ্গলবার মৃত্যুবরণ করেন।
আল জাজিরা জানায়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও দেশের অস্থির রাজনীতির এক প্রভাবশালী ব্যক্তিত্ব খালেদা জিয়া দীর্ঘ অসুস্থতার পর ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।
কাতারভিত্তিক গণমাধ্যমটি আরো একটি প্রতিবেদন প্রকাশ করে—‘খালেদা জিয়া: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী-ক্ষমতা ও প্রতিরোধের এক জীবন’ শিরোনামে।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান তাদের অনলাইন সংস্করণে লিখেছে—‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেলেন’।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এক প্রতিবেদনে লিখেছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া কয়েক দশক ধরে দেশের রাজনীতিতে আধিপত্য বিস্তার করেন।
পিটিআই জানায়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার ভূমিকার জন্য সমর্থকদের কাছে তিনি ব্যাপকভাবে সমাদৃত। নব্বইয়ের দশক এবং ২০০০-এর দশকের শুরুর দিকে বাংলাদেশের রাজনীতিতে তিনি ছিলেন এক প্রভাবশালী নাম।
ভারতের বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, ‘একদা রাজনীতিতে ঘোর অনিচ্ছুক ‘ফার্স্ট লেডি’ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী!’ জলপাইগুড়ির ‘পুতুল’ হয়ে উঠেছিলেন ‘বেগম জিয়া’-শীর্ষক প্রতিবেদনসহ বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছে।










