ঢাকার উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মঙ্গলবার (২২ জুলাই) গণমাধ্যমে পাঠানো বার্তায় ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের উদ্দেশে চীনের পররাষ্ট্রমন্ত্রী ও চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং ই শোকবার্তায় বলেন, ‘ঢাকায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সামরিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা জেনে আমি গভীরভাবে মর্মাহত। আমি নিহতদের প্রতি গভীর শোক ও তাদের শোকসন্তপ্ত পরিবার এবং আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’