জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন ও পিআর পদ্ধতি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে আজ রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামায়াতে ইসলামীসহ ৭টি রাজনৈতিক দল। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এসব কর্মসূচি। এদিকে, বিকালে অফিস ছুটির সময় কর্মসূচি থাকায় মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন, গুলিস্তান, প্রেসক্লাব, কাকরাইল ও শাহবাগ এলাকাসহ নগরীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ভোগ এড়াতে নগরবাসীকে সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়া জামায়াত ছাড়া অন্য দলগুলো হলো— ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাগপা। প্রথম দিন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে পিআর পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে।
জামায়াতের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ দফা দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজ বিকাল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
একইভাবে ইসলামী আন্দোলন এক বিবৃতিতে জানায়, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বাদ জোহর ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলে নেতৃত্ব দেবেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
এছাড়া বিকালে ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের। বিক্ষোভ মিছিল করবে খেলাফত মজলিস। এদিকে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ বেশ কিছু দাবিতে আন্দোলনে যুক্ত হয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। কর্মসূচি অনুযায়ী প্রথম দিনে আজ ঢাকায় বিক্ষোভ মিছিল করবে। এদিন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনও রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শাহরিয়ার আলী বলেন, ‘জামায়েতসহ অন্যান্য রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে পুলিশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সদস্যদের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও রাখা হচ্ছে। যাতে করে রাজনৈতিক কর্মসূচি ঘিরে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে না পারে।’ যানজট নিয়ন্ত্রণে ডিএমপির ট্রাফিক বিভাগ সর্বোচ্চ চেষ্টা করবে বলেও জানান তিনি।










