বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি বলেছেন, ‘রমজান মাস উপলক্ষে সবকিছুর ঘাটতি থাকার কথা থাকলেও এখন কিন্তু বাজারে কোনো ঘাটতি নেই। রমজানে বাজারে পর্যাপ্ত পরিমাণে পণ্যের সরবরাহ রয়েছে। লেবুসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস সবকিছুই বাজারে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। লোকাল প্রশাসক যথাযথভাবে বাজার নিয়ন্ত্রণ করতে পেরেছে। আমাদের কাজ হলো সাশ্রয়ী মূল্যে সাধারণ মানুষকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের সরবরাহ নিশ্চিত করা।’ গতকাল দুপুরে টাঙ্গাইল শহরের পার্ক বাজারে বাজার মনিটরিং শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমরা সারা দেশে যে মূল্য নির্ধারণ করে দিয়েছি, সে অনুযায়ী বাজারের ব্যবসায়ীরা বিক্রি করছেন। কয়েকটা জায়গায় কম মূল্যেও বিক্রি করা হচ্ছে। চিনি ১৪০ টাকার জায়গায় ১৩৮ টাকাও বিক্রি করছে। তেলও আমরা ১৬৩ টাকা নির্ধারণ করে দিয়েছি। কিন্তু খুচরা তারা ১৫৮ টাকা বিক্রি করছে।’
অ্যাপস নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘উৎপাদক থেকে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের জন্য অ্যাপস দেয়া হচ্ছে। কোনো মধ্যস্বত্বভোগী রাখা হবে না। যাতে সাধারণ ক্রেতারা হয়রানি না হয়। কে মাল হোলসেল করল আর কে কিনল, এজন্য অ্যাপস দেয়া হবে শিগগিরই।’
বাজার মনিটরিংয়ে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।










