বিভাগীয় ও জেলা পর্যায়ে সুনির্দিষ্ট দাবি নিয়ে গতকাল বরিশালে প্রাক-বাজেট সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে বরিশালের সব জেলার জন্য বিশেষ বরাদ্দের দাবি উঠেছে। গণতান্ত্রিক বাজেট আন্দোলন বরিশাল জেলা কমিটির আয়োজনে ও আভাসের সহযোগিতায় অনুষ্ঠিত এ সংলাপে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শাহ সাজেদা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, উন্নয়ন সংগঠক ম্যাপের নির্বাহী পরিচালক শুভঙ্কর চক্রবর্তী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মইনুর চৌধুরী, সাংবাদিক স্বপন খন্দকার, এম মিরাজ হোসাইন, সাঈদ পান্থ, ডিবিএম সদস্য গিয়াস উদ্দিন, কিশোর চন্দ্র বালা প্রমুখ। উপস্থিত ছিলেন ইউপি সদস্য, সামাজিক উন্নয়ন কর্মী ও ইয়ুথ পাওয়ারের সদস্যরা।

বিভাগীয় পর্যায়ে উল্লেখযোগ্য দাবিগুলো হলো—কুয়াকাটা ভাঙন রোধ পরিকল্পনা, শিল্প-কারখানা ও নারীর কাজের ক্ষেত্র তৈরি, জলবায়ুসহিঞ্চু কৃষিকাজের বাজেট, সাগর-নদী এলাকায় পর্যটন কেন্দ্র স্থাপনের উদ্যোগ, বিমানভাড়া কমানো, বিআইডব্লিউটিসির জাহাজ চালু, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন প্রকল্প বাস্তবায়ন, বরিশাল শহর রক্ষাবাঁধ নির্মাণ প্রকল্প গ্রহণ, স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন, শিল্প কারখানা নির্মাণ, উপকূলীয় বিভাগ হিসেবে বরিশালের জেলাগুলোর জন্য জলবায়ু প্রভাব মোকাবেলায় প্রয়োজনীয় বাজেট বরাদ্দ বৃদ্ধি, পটুয়াখালীতে মেডিকেল কলেজ, ভোলার বেড়িবাঁধ টেকসইভাবে নির্মাণ।

এছাড়া পদ্মা সেতু ও পায়রা বন্দরের মধ্যে ফোর লেন সড়ক চালু, পায়রা বিদুৎকেন্দ্র নতুন শিল্প জোন, কুয়াকাটা পর্যটন কেন্দ্রের আধুনিকায়ন, উপকূলীয় অঞ্চলের বাঁধ ও সবুজবেষ্টনীর ব্যবস্থা, পায়রা বন্দর ঘিরে দক্ষিণের সঙ্গে দেশের রেললাইন স্থাপন দ্রুত বাস্তবায়ন, জেলাভিত্তিক মেডিকেল হাসপাতাল স্থাপন, জলবায়ু ক্ষতিগ্রস্তদের জন্য কর্মসংস্থান অথবা অভিযোজনের জন্য পর্যাপ্ত বাজেট, নারী স্বাস্থ্যসেবার জন্য আলাদা পরিকল্পনা প্রণয়ন, স্থানীয় অঞ্চলকে পর্যটনমুখী করার উদ্যোগ গ্রহণের মতো দাবিগুলো উঠে এসেছে।