পেনশন স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানিয়েছেন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা। পাশাপাশি সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্তকরণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিও জানান তারা। গতকাল সকাল সাড়ে ১০টায় প্রেস ক্লাব যশোরের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান শিক্ষকরা।
শিক্ষক নেতারা বলেন, ১ জুলাই থেকে যোগদানকৃতদের সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার আওতাভুক্ত করার যে ঘোষণা দেয়া হয়েছে, তা বৈষম্যমূলক। প্রত্যয় স্কিমটি নামে সর্বজনীন হলেও আদতে সর্বজনীন নয়। সরকারের তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান—সামরিক ও বেসামরিক আমলাতন্ত্র ও বিচার বিভাগকে এ প্রক্রিয়ার বাইরে রেখে এটিকে সর্বজনীন বলার সুযোগ নেই। এজন্য জারি করা স্কিম অবিলম্বে বাতিল করতে হবে। তা না হলে দীর্ঘমেয়াদে আন্দোলন শুরু করবেন শিক্ষকরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ, সহসভাপতি অধ্যাপক নাজমুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. শিরীন নিগার, অধ্যাপক ড. মুনিবুর রহমান প্রমুখ।









