নিম্নচাপের প্রভাবে ঢাকায় গতকাল সারা দিনেও সূর্যের দেখা মেলেনি। গুমোট এ আবহাওয়ায় খেলা চলল ফ্লাডলাইটের আলো জ্বালিয়ে। ভুতুড়ে এ দিনে উইকেট যেন আরো অদ্ভুতুড়ে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই পতন হলো মোট ১৫ উইকেটের! এ ১৫ উইকেটের ১৩টিই নিয়েছেন স্পিনাররা।
নিউজিল্যান্ডের ঘূর্ণির সামনে ১৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। বিপর্যস্ত স্বাগতিকরা পরে ঘূর্ণির জবাব ঘূর্ণিতেই দিয়েছে। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম ৪৬ রানে তুলে নেন প্রতিপক্ষের ৫ উইকেট। আলোকস্বল্পতায় বিকাল ৪টা ১৫ মিনিটে প্রথম দিনের খেলার সমাপ্তি ঘটে। অতিথি দল ৫ উইকেটে ৫৫ রান নিয়ে মাঠ ছাড়ে। ব্ল্যাক ক্যাপসরা এখনো ১১৭ রানে পিছিয়ে রয়েছে।
১৭২ রানের ছোট্ট পুঁজি নিয়ে বোলিংয়ে নেমেও দিন শেষে দারুণ অবস্থানে বাংলাদেশ। গতকাল ষষ্ঠ ওভারেই আঘাত হানেন মিরাজ। তিনি সাজঘরে ফেরান ডেভন কনওয়েকে। পরের ওভারে টম ল্যাথামকে আউট করেন সিলেট টেস্টে ১০ উইকেট শিকারি তাইজুল ইসলাম। দুজন মিলে অতিথি দলের টপ অর্ডার গুঁড়িয়ে দেন। নবম ওভারে তাইজুলের বলে শরিফুল ইসলামকে ক্যাচ দিয়ে ফেরেন হেনরি নিকোলস। ১২তম ওভারে ৩ বলের ব্যবধানে কেন উইলিয়ামসন ও টম ব্লান্ডেলকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে উৎসবে ভাসিয়েছেন ডানহাতি অফস্পিনার মিরাজ। দিন শেষে মিরাজ ১৭ রানে ৩টি ও তাইজুল ২৯ রানে ২টি উইকেট নেন।
এর আগে টস জিতে ব্যাটিং করতে নামা বাংলাদেশ কিউইদের স্পিনে ধরাশায়ী হয়। মিচেল স্যান্টনার (৩/৬৫), গ্লেন ফিলিপস (৩/৩১) ও এজাজ প্যাটেল (২/৫৪) বাংলাদেশের ৮ উইকেট ভাগাভাগি করেন। পেসার টিম সাউদি নেন ১টি উইকেট।










