বগুড়া সদরের চালিতাবাড়ী বিল নুরইল এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে আব্দুর জব্বার হত্যা মামলার রায়ে নয়জনের যাবজ্জীবন ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ছয় মাস সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক হাবিবা মন্ডল। হত্যাকাণ্ডের ১৪ বছর পর এ হত্যা মামলার রায় হলো।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বগুড়া সদরের চালিতাবাড়ী নাগর কান্তি পাড়ার মানিক মিয়া, আব্দুল গফুর, ইসমাইল ওরফে ইন্নুস, জাকের মিয়া, মাসুদ মিয়া, আব্দুল খালেক, আব্দুল গণি, ইনতাজ আলী ও সুলতান মোল্লা। আসামিদের মধ্যে মানিক মিয়া ও আব্দুল গফুর পলাতক রয়েছেন। এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার ছয়জন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী নাসিমুল করিম হলি জানান, ২০০৮ সালের ২০ জুন বগুড়া সদরের চালিতাবাড়ী বিল নুরইল এলাকায় জমি মাপজোক করার সময় আব্দুল জব্বারের ওপর হামলা চালানো হয়। হামলায় আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত আব্দুল জব্বার বগুড়া সদরের চালিতাবাড়ী গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে। এ ঘটনায় ওই দিনই নিহতের ছোট ভাই সাজু মিয়া বাদী হয়ে ১৬ জনকে আসামি করে বগুড়া সদর থানায় মামলা করেন।