চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় বাসচালক তাজুল ইসলাম (৪৮)কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে নগরীর কোতোয়ালী এলাকা থেকে রাঙ্গুনিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত তাজুল ইসলাম চট্টগ্রামের রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের আবদুল খলিলের ছেলে। তিনি চট্টগ্রাম-কাপ্তাই সড়কে চলাচলকারী শাহ আমানত পরিবহন বাসের চালক।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বণিক বার্তাকে জানান, চুয়েটের তিন শিক্ষার্থীকে চাপা দেয়া শাহ আমানত পরিবহনের বাসটির চালক তাজুল ইসলামকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গত সোমবার বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের জিয়ানগর এলাকায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে শাহ আমানত পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মোটরসাইকেলে আরোহী ছিলেন চুয়েটের তিন শিক্ষার্থী। এদের মধ্যে শান্ত সাহা ও তৌফিক হোসেন নামে দুই শিক্ষার্থী নিহত হন এবং জাকারিয়া হিমু নামের অপর শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।










