ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপ উল্টে দুজন নিহত হয়েছেন। এছাড়া চার জেলায় সড়ক দুর্ঘটনায় আরো সাতজনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে বগুড়ায় তিনজন, নেত্রকোনায় দুজন এবং বরগুনা ও কুড়িগ্রামে একজন করে নিহত হয়েছেন। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাছবাহী একটি পিকআপের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় পিকআপটি উল্টে হাফেজ ও শহিদুল নামে দুজন নিহত হন। এতে আহত হয়েছেন আরো পাঁচজন। গতকাল বেলা ১টার দিকে এক্সপ্রেসওয়ের হাঁসাড়ায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফেজ ও শহিদুলের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নিমগাছি।
বগুড়া: জেলার সোনাতলায় ট্রাকচাপায় শাহানা আকতার (১৮) নামে এক কলেজছাত্রী এবং সদর উপজেলার সাবগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। সোনাতলা থানার উপপরিদর্শক ইমরান হোসেন জানান, গতকাল সকাল ১০টায় শাহানাকে নিয়ে তার বড় ভাই মোটরসাইকেলে কলেজে যাচ্ছিল। পাঁচকুড়ি সেতুর কাছে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে শাহানা আকতার ঘটনাস্থলেই মারা যায়। আহত হন তারা ভাই। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। শাহানা আকতার দিগদাইর গ্রামের আব্দুর রহিমের মেয়ে।
অন্যদিকে বেলা ১১টার দিকে সদর উপজেলার সাবগ্রাম দ্বিতীয় বাইপাসে ট্রাকের ধাক্কায় মাহিনুর রহমান (১৩) ও সিতাব মিয়া (১৪) নামে দুই কিশোর নিহত হয়েছে। মাহিনুর রহমান গাবতলী উপজেলার বাগবাড়ীর সুমনের ছেলে ও সিতাব মিয়া একই উপজেলার দুর্ঘাহাটা গ্রামের উজ্জ্বল রহমানের ছেলে।
নেত্রকোনা: শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের আতকাপাড়ায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পূর্বধলার নাটেরকোনা গ্রামের আব্দুর রহমানের ছেলে মুহিত খান এবং জালশুকা গ্রামের মজিবুর রহমানের ছেলে আনোয়ার হোসেন। চালক ও তার সহকারীকে আটকের পাশাপাশি ট্রাকটি জব্দ করা হয়েছে।
বরগুনা: আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় মো. আলী (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, আমতলী পৌর শহরের লোচা এলাকার মোশারফ হাওলাদারের ছেলে মো. আলী একটি ওয়ার্কশপে শ্রমিকের কাজ করত।
কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীতে ছেলেকে খাবার দিয়ে ফেরার পথে বাসচাপায় মহিজউদ্দিন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে নাগেশ্বরী উপজেলার পাথারি মসজিদ বাজারে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরই রাস্তা অবরোধ করেন স্থানীয়রা।










