‘বিএনপির রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে’ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ( দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর করা এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপির কুমিল্লার নেতারা। সোমবার (১৯ মে) কুমিল্লা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া বলেন, ‘গত ১৬ মে কুমিল্লার একটি অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘‘কুমিল্লায় বিএনপির রাজনীতিবিদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে’’। তার বক্তব্য শিশুসুলভ। তিনি রাজনীতিতে অপরিপক্বতার কারণে শিশুসুলভ বক্তব্য দিয়েছেন। তার মানসিক চিকিৎসার প্রয়োজন বলে আমরা মনে করি।’

তিনি বলেন, ‘হাসনাত আবদুল্লাহ বর্তমানে কিংস পার্টি খ্যাত এনসিপির মুখপাত্র। তার মতো ব্যক্তিদের দিয়ে পরিশীলিত রাজনীতি হবে না। রাজনীতিতে সহনশীলতার পরিচয় দিতে হয় এবং অন্য দল ও নেতাদের প্রতি সম্মান দেখাতে হয়। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে বিএনপির কুমিল্লার নেতাকর্মীরা ক্ষুব্ধ। তার বক্তব্য প্রত্যাহার করা না হলে বিএনপির কুমিল্লার নেতাকর্মীদের শান্ত রাখা সম্ভব নয়।’

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেলিম ভূঁইয়া বলেন, ‘হাসনাত আবদুল্লাহ যদি অতি দ্রুত সময়ের মধ্যে যদি বক্তব্য প্রত্যাহার না করে দুঃখ প্রকাশ না করে এবং বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে ক্ষমা না চায় তাহলে তাকে কুমিল্লায় কোনও অনুষ্ঠান করতে দেওয়া হবে না। তাকে কুমিল্লার মাটিতে পা রাখতে দেওয়া হবে না। কিন্তু আমরা তাকে এখনও অবাঞ্ছিত ঘোষণা করিনি। স্পেস খালি রেখেছি- যদি বিএনপির কাছে ক্ষমা না চায় তাহলে অবাঞ্ছিত করা হবে।’

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার এসব ছেলে-মানুষী নেতাদের রাজনীতিতে নামিয়ে সরকারকে বিতর্কিত করছেন। সরকারের উচিত তাদের রাজনীতির মাঠ থেকে সরিয়ে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করা। সরকার নির্বাচনকে যত বিলম্ব করবে ততই দেশের জনগণের আস্থা হারাবে। জনগণ চায় নির্বাচন।’

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমিন-উর-রশিদ ইয়াছিন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াসহ বিএনপির জেলা ও মহানগরের নেতাকর্মীরা।