জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শীর্ষ তিন পদে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। সর্বশেষ তথ্য অনুযায়ী, ৩৯টি কেন্দ্রের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল রাত সাড়ে ১১টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
সহসভাপতি (ভিপি) পদে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। ভিপি পদে রিয়াজুল ইসলাম ৮৭০ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে একই প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। তার নিকটতম ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের জিএস প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। ৩ হাজার ২৬৭ ভোট বেশি পেয়েছেন শিবির প্রার্থী।
অন্যদিকে এজিএস পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ২ ভোট। তার নিকটতম ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান প্যানেলের এজিএস প্রার্থী বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৩ হাজার ৮৬৮ ভোট। এ পদে ১ হাজার ১৩৪ ভোট বেশি পেয়েছেন শিবির প্যানেলের মাসুদ রানা।
জকসু নির্বাচনে ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৯ জন। প্রায় ৬৫ শতাংশ ভোট পড়ে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদেও ভোট হয়। হল সংসদের মোট ভোটার ছিলেন ১ হাজার ২৪২ জন; সেখানে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়ে।
নির্বাচন কমিশন জানিয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ৩৯টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদসহ একাধিক গুরুত্বপূর্ণ পদেও ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন।










