রাজশাহীর বাঘায় এক রাতেই ৩২ বিঘা আমবাগানের ৪০০টি গাছ সাবাড় করেছে দুর্বৃত্ত। রোববার দিবাগত রাতে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ওই গ্রামের ১৫ আমচাষী। গতকাল সকালে ঘটনা টের পান তারা। তবে এক রাতে এত গাছ কেটে ফেলার ঘটনাকে অনেকে রহস্যজনক বলে মনে করছেন।

এ ঘটনায় বাঘা থানায় মামলা করেছেন ভুক্তভোগী বাগান মালিক আবু সামা ও সাধন কুমার প্রামাণিক। দুর্বৃত্তরা আবু সামার ২৮টি এবং সাধন কুমারের ১৫টি আমগাছ কেটে ফেলেছে। প্রায় দেড় যুগ আগে লাগানো ছিল গাছগুলো। সন্তানের মতোই তিল তিল করে বাগানটি গড়ে তুলেছিলেন তারা। 

ভুক্তভোগী আবু সামা জানান, কয়েক বছর আগে এ মাঠেই এক রাতে তার ২০টি গাছ কেটে ফেলে দুর্বৃত্ত। মামলা হলেও আসামি ধরতেই পারেনি পুলিশ। আজ পর্যন্ত ওই ঘটনার বিচার পাননিম তিনি। আবারো একই ঘটনা ঘটায় বিচার পাওয়া নিয়ে শঙ্কায় এ আমচাষী।

খবর পেয়ে ঘটনাস্থলে যান মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম। তিনি বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক।  তিনি দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাছ কাটার লিখিত অভিযোগ পাওয়া গিয়েছে। তাতে কারো নাম উল্লেখ নেই। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘুরে এসেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে ভুক্তভোগীরা কিছুই বলতে পারছেন না। তবে এর আগেও গ্রামে গাছ কাটার ঘটনা ঘটেছিল। এসব বিষয় মাথায় রেখে তদন্ত চলছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।