ঝালকাঠিতে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কর্মীসভায় ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় ধানসিঁড়ি ইকোপার্কে এ হামলার ঘটনা ঘটে। এ সময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর ভিভিও কনফারেন্সে বক্তব্য দিচ্ছিলেন। 

হামলায় যুব অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ মুসা, বরিশাল জেলা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি রনি খন্দকার ও ঝালকাঠি জেলা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি মো. ফয়সাল আহম্মেদ আহত হয়। গুরুতর অবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্র অধিকার পরিষদের নেতাদের অভিযোগ, ঝালকাঠি জেলা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কর্মী সভার আয়োজন করে শহরের বাইরে ধানসিঁড়ি ইকোপার্কে। সভায় নুরুল হক নুরের বক্তব্য চলাকালে ঝালকাঠি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাদিম মাহমুদের নেতৃত্বে ছাত্রলীগের ১০-১২ জন নেতাকর্মী অতর্কিতভাবে লাঠিসোটা নিয়ে সভায় হামলা চালায়। ছাত্রলীগ নেতাকর্মীদের পিটুনিতে আহত হয় ছাত্র ও যুব অধিকার সংরক্ষণ পরিষদের তিন নেতা। কর্মী সভার মাইকও ভাঙচুর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ঝালকাঠি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ বলেন, ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দিচ্ছিল, তাই ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের সভা ছত্রভঙ্গ করে দেয়। এখানে কাউকে মারধর করা হয়নি। 

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, কর্মীসভার কোন অনুমতি নেয়নি তারা। ওখানে কি হয়েছে, তাও আমাদের জানা নেই।