জঙ্গি সংগঠনের তিন সদস্যকে গ্রেফতারের পর র‌্যাব জানিয়েছে, দেশে ‘শাহাদাত’ নামের নতুন একটি জঙ্গি সংগঠন কার্যক্রম পরিচালনা করছে।

শনিবার (২৫ মে) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। এর আগে শুক্রবার (২৪ মে) রাজধানীর গুলিস্তান ও সাইনবোর্ড এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।

কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্রেফতারকৃতরা হলেন মো. ইসমাইল হোসেন, মো. জিহাদ হোসেন ওরফে হুজাইফা এবং মো. আমিনুল ইসলাম। এদের মধ্যে ইসমাইল হোসেন রিক্রুটিং শাখার প্রধান; অন্য দুজন আঞ্চলিক প্রশিক্ষক। র‌্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযানের কারণে আনসার আল ইসলামের কার্যক্রম প্রায় স্তিমিত হয়ে পড়েছে। তারা কৌশল হিসেবে আনসার আল ইসলামের আড়ালে ‘শাহাদাত’ নামে নতুন একটি জঙ্গি সংগঠন তৈরি করে কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা আফগানিস্তানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ এবং আল-কায়েদা মতাদর্শে বিশ্বাসী বলে জানিয়েছে। তারা সুকৌশলে মাদ্রাসা ছাত্রদের টার্গেট করে জঙ্গি আদর্শে অনুপ্রাণিত করে আসছেন।

কমান্ডার আরাফাত বলেন, ইসমাইল নারায়ণগঞ্জের একটি মাদ্রাসায় দাওরায়ে হাদিসের ছাত্র। এক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশে অবস্থানরত সালাউদ্দিন নামের এক জঙ্গির সঙ্গে তার পরিচয় হয়। এরপর তিনি উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে জঙ্গি সংগঠনে জড়িয়ে পড়েন। পরে তাকে রিক্রুটিং শাখার প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়।

আর জিহাদকে মাদ্রাসা শিক্ষক জিহাদ এবং আমিনুল পেশায় গার্মেন্ট শ্রমিক উল্লেখ করে কমান্ডার আরাফাত বলেন, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পৃথকভাবে জঙ্গিনেতাদের সঙ্গে যোগাযোগ এবং তাদের নির্দেশনায় সংগঠন পরিচালনা করেন। এজন্য তাদেরকে আঞ্চলিক প্রশিক্ষকের দায়িত্ব দেয়া হয়।