ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রবাসীদের প্রায় ৩০ হাজার ব্যালট বাংলাদেশে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসীদের ঠিকানায় ব্যালট পৌঁছেছে এখন পর্যন্ত ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি। ভোটার ব্যালট গ্রহণ করেছেন ৪ লাখ ৯৯ হাজার ৩২৮, আর ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ জন। এর মধ্যে দেশে পোস্টাল ব্যালট ফেরত পাঠাতে ডাক বাক্সে জমা দেয়া হয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৫৭৯টি। এর মধ্যে ২৯ হাজার ৭২৮ ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।
দেশের ভেতরের তিন শ্রেণীর নাগরিক—সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও কয়েদিরা এবার পোস্টাল ব্যালটে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়া ১২০টির বেশি দেশে অবস্থানরত প্রবাসীরাও এবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন। সব মিলিয়ে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।










